লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) ও সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম কিছুটা বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের নিম্নমুখী বিনিময় হার ধাতব পণ্যটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তাই দীর্ঘমেয়াদে তামার দাম না বাড়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন তারা। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম দশমিক ১৫ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৮৮৩ ডলার ৫০ সেন্টে। এ সময় এসএইচএফইতে ধাতব পণ্যটির দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭৯ হাজার ৮৪০ ইউয়ানে (১১ হাজার ১৪৫ ডলার ২৩ সেন্ট)।
একটি ফিউচার কোম্পানির বেইজিংভিত্তিক একজন মেটাল অ্যানালিস্ট বলেন, ‘মার্কিন সরকারের বাড়তে থাকা বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগের কারণে ডলারের বিনিময় হার কমেছে। এমন পরিস্থিতি পণ্যের মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলে। চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের মূল মনোযোগ থাকবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার দিকে।’