৪৪০% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা

তিন প্রান্তিকে ৪৫৯ কোটি টাকা মুনাফা করেছে ম্যারিকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) ৪৫৮ কোটি ৭৯ লাখ টাকা মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) ৪৫৮ কোটি ৭৯ লাখ টাকা মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২৭ দশমিক ৫১ শতাংশ। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) ম্যারিকোর আয় হয়েছে ১ হাজার ২৪৫ কোটি টাকা, আগের প্রান্তিকে একই সময়ে যা ছিল ১ হাজার ১০৯ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৪ টাকা ২২ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ম্যারিকোর আয় হয়েছে ৪০৪ কোটি ২৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩৭ কোটি ৭৫ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২৩৯ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৯৪ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৯ কোটি ৬৮ লাখ টাকায় আগের হিসাব বছরে যা ছিল ১১০ কোটি ৩ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৪ টাকা ৯৩ পয়সা।

অন্যদিকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এর আগে ৩১ মার্চ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪৬ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২২ টাকা ৯৩ পয়সা। গত বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬০ টাকা ৬৪ পয়সায়।

ম্যারিকো বাংলাদেশ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। এরপর ২০০৯ হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০১০ হিসাব বছরে ২০ শতাংশ, ২০১১ হিসাব বছরে ২৫, ২০১২ হিসাব বছরে ১০০ ও ২০১৩ হিসাব বছরে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৪ হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশ ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এরপর প্রতি বছরই উচ্চহারে লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০১৫ হিসাব বছরে ৪২৫ শতাংশ, ২০১৬ হিসাব বছরে ৪৫০, ২০১৭ হিসাব বছরে ৫০০, ২০১৮ হিসাব বছরে ৬০০, ২০১৯ হিসাব বছরে ৬৫০, ২০২০ হিসাব বছরে ৯৫০, ২০২১ হিসাব বছরে ৯০০, ২০২২ হিসাব বছরে ৮০০ ও ২০২৩ হিসাব বছরে ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

আরও