দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে এনবিআর, যা গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্তমানে এনবিআরের অধীনস্থ তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এ সফটয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা দেয়া হচ্ছে।
বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রফতানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) গ্রহণ করে থাকে। সিবিএমএসের ইউপি মডিউল চালু হলেও এখনো বেশির ভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি নিচ্ছে।
সফটওয়্যারটি বাধ্যতামূলক না হওয়ায় গত ১১ মাসেও এর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি বলে জানিয়েছে এনবিআর। সিবিএমএস ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে আরো ব্যবহারবান্ধব করা হয়েছে। বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে ইউপি ইস্যু-সংক্রান্ত কোনো সেবা সিবিএমএস সফটওয়্যারের মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রদান করা হবে না মর্মে এনবিআর একটি পরিপত্র জারি করেছে।
এনবিআর বলছে, সিবিএমএস বাধ্যতামূলক হওয়ায় সেবা প্রদানের দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় সাশ্রয় হবে। কাঁচামালের ইনপুট ও আউটপুট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হওয়ায় হিসাবরক্ষণ সহজ হবে। পাশাপাশি দলিলপত্র ম্যানুয়ালি জমা দেয়ার ঝামেলা কমবে ও বন্ড-সংক্রান্ত বিবাদের পরিমাণও হ্রাস পাবে।