দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে পরিবেশগত স্থায়িত্বের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে আরো চারটি আরএমজি কারখানা লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে। এতে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৮।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এ পরিবেশবান্ধব সনদ পেয়েছে কারখানাগুলো। সনদ পাওয়ার জন্য কিছু শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেয়া হয়।
সনদ পাওয়া নতুন চারটির কারখানার মধ্যে তিনটি লিড প্লাটিনাম পেয়েছে। সেগুলো হচ্ছে মানিকগঞ্জের অ্যাডভান্স অ্যাটায়ার, নরসিংদীর আমানত শাহ ফেব্রিকস (ওভেন কম্পোজিট) ও গাজীপুরের কটন ফিল্ড বিডি (প্রডাকশন বিল্ডিং)। অন্যদিকে ঢাকার উত্তরখানের কেএম অ্যাপারেল নিট লিড গোল্ড সনদ পেয়েছে।
বাংলাদেশের যে ২৪৮টি কারখানা এখন পর্যন্ত পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে ১০৫টি প্লাটিনাম ও ১২৯টি গোল্ড সনদ পেয়েছে। অর্থাৎ এসব কারখানা সর্বোচ্চ মানের পরিবেশবান্ধব কারখানার শর্ত পূরণ করতে পারছে। বাকি ১৪টি কারখানার মধ্যে সিলভার সনদপ্রাপ্ত কারখানা ১০টি ও সার্টিফায়েড সনদপ্রাপ্ত কারখানা চারটি।