বিশ্বব্যাপী গমের সমাপনী মজুদ চলতি অর্থবছর কমতে পারে। পণ্যটির ব্যবহার বৃদ্ধি মজুদ কমার পেছনে ভূমিকা রাখবে। ‘বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ও চাহিদা সম্পর্কিত প্রাক্কলনের’ সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
ইউএসডিএ জানায়, চলতি বছরের জুনে গমের বৈশ্বিক সমাপনী মজুদ হতে পারে ৭৯ কোটি ৪০ লাখ বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড)। এটি গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় ৪০ লাখ বুশেল কম। গম ব্যবহারের পূর্বাভাস ৪০ লাখ বুশেল বাড়ানোয় মজুদ প্রাক্কলনে এ পরিবর্তন আনা হয়েছে।
ইউএসডিএ ২০২৪-২৫ অর্থবছরের গম সরবরাহের পূর্বাভাস ২৭৯ কোটি ৮০ লাখ বুশেলে অপরিবর্তিত রেখেছে। এর মধ্যে ২০২৪ সালের উদ্বৃত্ত মজুদ ৬৯ কোটি ৬০ লাখ বুশেল, যা জানুয়ারিতে দেয়া পূর্বাভাসের তুলনায় স্থিতিশীল। তবে এটি ২০২৩-২৪ অর্থবছরের ৫৭ কোটি বুশেলের তুলনায় ২২ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছর গম আমদানি ১৩ কোটি বুশেল হতে পারে। এটি আগে দেয়া পূর্বাভাসের তুলনায় স্থিতিশীল হলেও গত বছরের একই সময়ের তুলনায় ৮০ লাখ বুশেল কম।
ইউএসডিএ ২০২৪-২৫ অর্থবছর ৯৭ কোটি বুশেল গম ব্যবহারের পূর্বাভাস দিয়েছে, যা আগের পূর্বাভাসের তুলনায় ৪০ লাখ ও ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৯০ লাখ বুশেল বেশি। ৩ ফেব্রুয়ারি ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ প্রান্তিকে গম মাড়াই আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। এর ভিত্তিতে খাদ্য ব্যবহারের পূর্বাভাস সংশোধন করা হয়েছে।