সিটিগ্রুপের প্রতিবেদন

চলতি বছর নিম্নমুখী থাকতে পারে ব্যবহারিক ধাতুর দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ব্যবহারিক ধাতুর চাহিদায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ব্যবহারিক ধাতুর চাহিদায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন প্রেক্ষাপটে চলতি বছরের জন্য এসব ধাতুর মূল্য নিয়ে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে বৈশ্বিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটিগ্রুপের গবেষণা শাখা সিটি রিসার্চ। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক ও একাধিক বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর আরো বেশি হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে সাধারণত বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ে। ফলে ব্যবহারিক ধাতু, জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের চাহিদা কমে যায়।

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি ২০২৫ সালের তামার মূল্যের পূর্বাভাস সংশোধন করে টনপ্রতি ৮ হাজার ৮৬০ ডলারে স্থির করেছে। এর আগে দেয়া পূর্বাভাসে ছিল টনে ৯ হাজার ১০০ ডলার।

সিটিগ্রুপের বিশ্লেষকরা এক নোটে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা বিশেষভাবে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। কারণ এর আগে পণ্যগুলোর দাম ঊর্ধ্বমুখী থাকার কারণে বিনিয়োগ বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।

যদিও বেশির ভাগ ব্যবহারিক ধাতুকে পারস্পরিক শুল্কের বাইরে রাখা হয়েছে। তবু ব্যাংকটির বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তামার ওপর ২৩২ ধারা অনুযায়ী শুল্ক কার্যকর হবে।

সিটি রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর অ্যালুমিনিয়ামের দাম কমে টনপ্রতি ২ হাজার ৪৮০ ডলারে নেমে যেতে পারে। আগে দেয়া পূর্বাভাসে ছিল টনে ২ হাজার ৬১৫ ডলার। এ সময় নিকেলের গড় দাম হতে পারে টনপ্রতি ১৫ হাজার ৫০০ ডলার। আগে দেয়া পূর্বাভাসে ছিল টনে ১৬ হাজার ডলার।

আগে সিটি রিসার্চ দস্তার দামের পূর্বাভাস ২ হাজার ৭৫০ ডলারে স্থির করেছিল। সর্বশেষ পূর্বাভাসে তা টনে ২ হাজার ৬৩০ ডলারে সংশোধন করা হয়েছে। অন্যান্য ব্যবহারিক ধাতুর মধ্যে সিসা ও টিনের দামের পূর্বাভাস সংশোধন করে টনপ্রতি যথাক্রমে ১ হাজার ৯৫০ ও ৩৩ হাজার ৭০০ ডলারে স্থির করা হয়েছে। আগে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল যথাক্রমে ১ হাজার ৯৭৫ ও ৩৩ হাজার ৭৫০ ডলার।

এদিকে ব্যবহারিক ধাতুর বাজারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগে বিক্রি বাড়ানোর প্রবণতা সাময়িকভাবে কমেছে। এ কারণে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল বেড়েছে তামা ও অ্যালুমিনিয়ামের দাম। বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৭৭৫ ডলারে। এ সময় অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ২ হাজার ৩৭৯ ডলারে স্থিতিশীল ছিল।

আরও