রাজধানীর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন শিল্পোদ্যোক্তা মো. ইউনুস। তিনি আগামী পাঁচ বছর এ দায়িত্ব পালন করবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৪৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউনুসকে মনোনীত করা হয়। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যবসা-বাণিজ্য খাতে চার দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ইউনুস গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুসের। তিনি বর্তমানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের শিল্প উৎপাদন, ব্যাংক খাত ও উচ্চ শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মো. ইউনুসের সুদক্ষ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী দিকনির্দেশনায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন এবং উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।