ইউরোপে প্রথমবারের মতো টেসলার তুলনায় বেশি বিক্রি করেছে বিওয়াইডির গাড়ি। আন্তর্জাতিক বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে চীনা কোম্পানিটির জন্য এটি বড় অর্জন বলে মন্তব্য করেছেন খাতসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
অটো খাতের ডাটা বিশ্লেষণকারী সংস্থা জেটো ডায়নামিকস জানায়, গত মাসে ইউরোপে বিওয়াইডির ৭ হাজার ২৩১টি গাড়ির নিবন্ধন হয়েছে। যেখানে টেসলার নিবন্ধন ছিল অল্প পিছিয়ে, ৭ হাজার ১৬৫। আবার আগের বছরের এপ্রিলের তুলনায় টেসলার বিক্রয় কমেছে ৪৯ শতাংশ। অন্যদিকে বিওয়াইডির বিক্রি বেড়েছে ১৬৯ শতাংশ। এছাড়া বিওয়াইডির প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি বেড়েছে ৩৫৯ শতাংশ।
টেসলার নতুন মডেলের সংকট ও ইলোন মাস্কের আন্তর্জাতিক রাজনীতিতে হস্তক্ষেপ ইউরোপের বাজারে বিওয়াইডির বিক্রি বাড়ায় সহায়ক ভূমিকা পালন করেছে বলে মত জেটো ডায়নামিকসের গ্লোবাল বিশ্লেষক ফেলিপে মুনোজের। তিনি বলেন, ‘এটি ইউরোপের গাড়ির বাজারে একটি যুগান্তকারী মুহূর্ত। টেসলা অনেক বছর ধরেই ইউরোপের ইভি বাজারে শীর্ষে ছিল। অথচ বিওয়াইডি ২০২২ সালের শেষের দিকে নরওয়ে ও নেদারল্যান্ডসের বাইরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।’
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২০২০ সালের শেষ প্রান্তিকের পর সর্বনিম্ন মুনাফা করেছে টেসলা। এ পরিস্থিতিতে ইলোন মাস্ক জানিয়েছেন, মার্কিন সরকারের দায়িত্ব থেকে সরে এসে টেসলার ওপর মনোযোগ দেবেন তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নতুন দূষণবিরোধী আইন মেনে চলতে রেনোঁ, স্কোডা, ফক্সওয়াগন, অডি ও বিএমডব্লিউ তুলনামূলক সস্তায় নতুন ইভি বাজারে এনেছে। এটিও টেসলার বিক্রি কমার আরেকটি কারণ।
অভ্যন্তরীণ বাজারে শক্তিশালী চাহিদার কারণে বৈশ্বিকভাবে টেসলাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতা হয়ে উঠেছে বিওয়াইডি। কিন্তু ইউরোপে চীনা সংস্থাটি তুলনামূলকভাবে নতুন ও বিদেশী বাজারে দ্রুত প্রবৃদ্ধি পশ্চিমা গাড়ি নির্মাতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তার ওপর ইউরোপে প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে ৪৫ শতাংশ শুল্ক না থাকায় বিওয়াইডিসহ অন্যান্য চীনা কোম্পানির বিক্রি বেড়েছে।