ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ কানাডার

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের অতিরিক্ত আমদানি রোধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের অতিরিক্ত আমদানি রোধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর এফটি।

মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সঙ্গে ২৫ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফের সামঞ্জস্য করবে কানাডা। তবে বিষয়টি ২১ জুলাইয়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

৩০ জুন কার্যকর হতে যাওয়া নতুন শুল্কের লক্ষ্য ডাম্পিং ঠেকানো। যেসব দেশ কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেই, সেসব দেশ যদি ২০২৪ সালের তুলনায় বেশি ইস্পাত কানাডায় রফতানি করতে চায়, তাহলে নতুন করে শুল্ক প্রযোজ্য হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর দুই সপ্তাহ পর কানাডা নতুন পদক্ষেপ নিল।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজার-বিধ্বংসী পদক্ষেপের ফলে সৃষ্ট অস্থিরতা ঠেকাতে এবং ক্ষতিকর বাণিজ্য প্রবাহ রোধে দেশীয় বাজার স্থিতিশীল রাখতে কোটা চালু করা হয়েছে।

মার্ক কার্নি বলেন, ‘তৃতীয় কোনো দেশের ইস্পাত যদি কানাডায় প্রবেশ করে এবং আমরা যদি নিজেদের শিল্প রক্ষা না করি, তবে তা ধ্বংস হয়ে যাবে। তাই আমরা এ কোটা দিচ্ছি।’

এ অ্যান্টি-ডাম্পিং পদক্ষেপে চীনের রফতানি প্রভাবিত হতে পারে। এরই মধ্যে চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে কানাডা।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কানাডা স্থানীয় অবকাঠামো প্রকল্প, প্রতিরক্ষা ব্যয় ও অটোমোবাইল শিল্পের জন্য এখন থেকে নিজ দেশের উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়াম ব্যবহার হবে।

তবে কানাডিয়ান স্টিল প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাথরিন কোবডেন ও ইউনাইটেড স্টিলওয়ার্কার্স ইউনিয়নের কানাডার পরিচালক মার্টি ওয়ারেন সরকারের পদক্ষেপকে ‘শিল্পটির চাহিদার তুলনায় কম’ বলে মন্তব্য করেছেন।

আরও