একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে এক লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায়।
স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রৌপ্যের দামও। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রৌপ্যের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের বিক্রি হবে২ হাজার ৬০১ টাকায়।