ভিয়েতনামে প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলের কিছু অংশে বৃহস্পতিবার থেকে টাইফুন কালমায়েগির প্রভাবে শুরু হয়েছে ভারি বর্ষণ। এতে দেশটিতে চলমান কফি সংগ্রহের কাজে ব্যাঘাত তৈরি হয়েছে। ব্যবসায়ীদের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার জানিয়েছে, টাইফুন কালমায়েগি ফিলিপাইনে বিধ্বংসী প্রভাব ফেলেছে।
ড্যাক লাক প্রদেশের এক ব্যবসায়ী জানান, বর্ষণ শুরু হয়েছে। দীর্ঘস্থায়ী বৃষ্টি কৃষকদের কফি বিন সংগ্রহে প্রভাব ফেলবে। পরবর্তী সময়ে শুকানোর প্রক্রিয়াও ব্যাহত হতে পারে।
সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিন ১ লাখ ১৮ হাজার ২০০ থেকে ১ লাখ ১৯ হাজার ৩০০ ডংয়ে (প্রায় ৪ ডলার ৪৯ সেন্ট থেকে ৪ ডলার ৫৩ সেন্ট) বিক্রি করেছেন। এটি আগের সপ্তাহের ১ লাখ ১৫ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৬ হাজার ৫০০ ডংয়ের তুলনায় বেশি।
ভিয়েতনামের সরকারি তথ্যানুযায়ী দেশটি জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে মোট ১৩ লাখ ১০ হাজার টন কফি রফতানি করেছে। এটি আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময় রফতানি আয় ৬২ শতাংশ বেড়ে ৭৪০ কোটি ডলারে পৌঁছেছে।