সম্প্রতি অ্যারাবিয়ান বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন উইংকেলম্যান বলেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও ল্যাম্বরগিনির জন্য অঞ্চলটি অন্যতম স্থিতিশীল ও গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে।
ল্যাম্বরগিনির প্রধান বলেন, ‘মধ্যপ্রাচ্যের আবহাওয়া এবং ক্রেতাদের বিশেষ চাহিদা ও রুচি এ অঞ্চলের চাহিদাকে অন্য সব জায়গা থেকে আলাদা করে তুলেছে। মধ্যপ্রাচ্যে সারা বছরই গাড়ি চালানোর সুযোগ রয়েছে। এছাড়া এ অঞ্চলের ক্রেতাদের বড় গাড়ির (এসইউভি) প্রতি বিশেষ ঝোঁক রয়েছে, যা ল্যাম্বরগিনির ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।’
বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতি ও মন্দার শঙ্কা থাকলেও ২০২৫ সালে রেকর্ড ব্যবসায়িক সাফল্য পেয়েছে ল্যাম্বরগিনি। অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ল্যাম্বরগিনি মোট ১০ হাজার ৭৪৭টি ইউনিট গাড়ি বিক্রি করেছে। এতে ল্যাম্বরগিনির বার্ষিক আয় ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩২০ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। অন্যদিকে ল্যাম্বরগিনির পরিচালন মুনাফা পৌঁছেছে ৭৬ কোটি ৮০ লাখ ইউরোয়। বর্তমানে ল্যাম্বরগিনির মুনাফার হার ২৪ শতাংশ, যা বিলাসবহুল গাড়ি নির্মাণ খাতে অন্যতম সর্বোচ্চ।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে অস্থিরতা ও জ্বালানি তেলের দাম বাড়লেও ল্যাম্বরগিনির চাহিদায় এর তেমন নেতিবাচক প্রভাব পড়েনি। উইংকেলম্যান বলেন, ‘এ অঞ্চলের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে। তবে ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক কৌশল ল্যাম্বরগিনিকে সুরক্ষিত রেখেছে। মূলত বাজারের চাহিদা বুঝে গাড়ির মজুদ ও সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমেই ল্যাম্বরগিনি নিজেদের পণ্যের বিশেষত্ব ও আভিজাত্য বজায় রাখে।’
মধ্যপ্রাচ্যের তরুণ ক্রেতাদের পছন্দের কারণেই ল্যাম্বরগিনি এ বড় সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যান্য বাজারের তুলনায় অঞ্চলটির ক্রেতাদের গড় বয়স অনেক কম। এছাড়া ল্যাম্বরগিনির ‘অ্যাড পারসোনাম’ নামক গাড়ি সাজানোর বিশেষ সেবাটি এখানে অত্যন্ত জনপ্রিয়।
২০২৫ সালে বিক্রি হওয়া গাড়িগুলোর ৯৪ শতাংশই ক্রেতারা নিজেদের পছন্দমতো নকশা বা ভিন্নধর্মী সব ফিচার যোগ করে তৈরি করে নিয়েছেন।
স্টিফেন উইংকেলম্যান জানান, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরির ক্ষেত্রে ল্যাম্বরগিনি এখনই কোনো তাড়াহুড়ো করতে চায় না। ল্যাম্বরগিনি আপাতত নিজেদের সব মডেলকে হাইব্রিড প্রযুক্তিতে রূপান্তর করার দিকেই বেশি নজর দিচ্ছে। পূর্ণাঙ্গ ইভি তৈরির আগে এ খাতের বাজারের চাহিদা আরো বাড়ার অপেক্ষায় রয়েছে ল্যাম্বরগিনি।