সেপ্টেম্বর

ভারতে ইভি নিবন্ধন কমেছে ১৫ শতাংশ

ভারতে আগস্টের তুলনায় গত মাসে উল্লেখযোগ্য হারে কমেছে গাড়ি নিবন্ধন।

ভারতে আগস্টের তুলনায় গত মাসে উল্লেখযোগ্য হারে কমেছে গাড়ি নিবন্ধন। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কারের দ্বিতীয় ধাপ বা জিএসটি ২.০। এ সময় যাত্রীবাহী গাড়ির নিবন্ধনে পতন ঘটেছে ১০ শতাংশ। আর উদীয়মান বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে নিবন্ধন কমেছে ১৫ শতাংশ। খবর দ্য হিন্দু।

খাতসংশ্লিষ্ট ডাটা পরিষেবাদাতা ভাহান পোর্টালের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে ভারতে ২ লাখ ৭২ হাজার নতুন গাড়ি নিবন্ধিত হয়েছে, যেখানে আগস্টে এ সংখ্যা ছিল ৩ লাখ। ফোর হুইলার ইভি (ফোরডব্লিউইভি) নিবন্ধন আগস্টের তুলনায় কমেছে ১৮ শতাংশ। সেপ্টেম্বরে নিবন্ধন হয়েছে ১৪ হাজার ৬১৬ ইউনিট, যেখানে আগের মাসে ছিল ১৭ হাজার ৭৭২ ইউনিট।

তবে শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মাসের শেষ সপ্তাহে বিক্রি বেশ চাঙা হয়ে ওঠে। এতে আগের দুই সপ্তাহের মন্দা কাটিয়ে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

জিএসটি ২.০-এ গাড়িসহ বিভিন্ন পণ্যের ওপর করহার হ্রাস বা পরিবর্তন করা হয়েছে। এ পরিবর্তন কার্যকর হওয়ার আগে অনেক ক্রেতা ভেবেছিলেন গাড়ির দাম কমবে। তাই তারা কিছুদিন অপেক্ষা করেছিলেন। এতে গাড়ি বিক্রি ও নিবন্ধন সাময়িকভাবে কমে যায়।

ক্রিসিল রেটিংসের পরিচালক পুনম উপাধ্যায় বলেন, ‘জিএসটি কমার ফলে ইন্টারন্যাল কম্বাশ্চন ইঞ্জিন (আইসিই) গাড়ির দাম কমে যাওয়ায় যাত্রীবাহী ইভির (ই-পিভি) চাহিদা সেপ্টেম্বরে মন্থর হয়। কারণ দাম-সংবেদনশীল ক্রেতারা তুলনামূলক সাশ্রয়ী আইসিই বিকল্পের দিকে ঝুঁকেছেন। এতে প্রমাণ হয় যে ইভির চাহিদা এখনো দামের ওপর নির্ভরশীল। তাই খাতটিকে টেকসই করতে চার্জিং অবকাঠামো, অর্থায়ন ও মালিকানা ব্যয়ে সুবিধা বাড়ানো জরুরি।’

একটি গাড়ির শোরুমের কর্মকর্তা জানান, প্রথম দুই সপ্তাহে ক্রেতা প্রায় ছিল না, তবে শেষ সপ্তাহে বিক্রি হঠাৎ বেড়ে যায়। অক্টোবরে বিক্রি আরো ভালো হবে।

ভাহান ডাটা অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতে যাত্রীবাহী গাড়ির শীর্ষ নির্মাতা মারুতি বিক্রি করেছে ১ লাখ ৬ হাজার ইউনিট। এর পরের অবস্থানে রয়েছে টাটা, মাহিন্দ্রা ও হুন্দাই। কোম্পানিগুলো বিক্রি করেছে যথাক্রমে ৩৯ হাজার ৮৩১, ৩৫ হাজার ৫৯০ ও ৩৩ হাজার ২৮১ ইউনিট গাড়ি। অন্যদিকে ফোরডব্লিউইভির ক্ষেত্রে এগিয়ে থাকা টাটা বিক্রি করেছে ৫ হাজার ৮১০ ইউনিট গাড়ি। এর পরের অবস্থানে থাকা জেএসডব্লিউ ও মাহিন্দ্রা বিক্রি করেছে যথাক্রমে ৩ হাজার ৩১৪ ও ৩ হাজার ৭৪ ইউনিট।

আরও