এইচএসবিসি-বিজিএমইএর উদ্যোগ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরতে হংকংয়ে অ্যাপারেল রোড শো

রোড শোতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা নিয়ে উপস্থাপনার পাশাপাশি বৈশ্বিক খুচরা বাজারের সম্ভাবনা ও উদীয়মান সোর্সিং প্রবণতা নিয়ে আলোচনা, প্যানেল আলোচনা এবং পোশাক প্রদর্শনীর আয়োজন থাকবে।

আন্তর্জাতিক ক্রেতাদের সামনে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদন ব্যবস্থা তুলে ধরতে হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোড শো’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশ এবং দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর যৌথ উদ্যোগে ২৮ অক্টোবর স্থানীয় আইল্যান্ড শাংরি-লা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করবে হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এইচএসবিসি বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

রোড শোতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা নিয়ে উপস্থাপনার পাশাপাশি বৈশ্বিক খুচরা বাজারের সম্ভাবনা ও উদীয়মান সোর্সিং প্রবণতা নিয়ে আলোচনা, প্যানেল আলোচনা এবং পোশাক প্রদর্শনীর আয়োজন থাকবে। এতে টেকনিক্যাল অ্যাপারেল ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এইচএসবিসি হংকংয়ের গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং বিভাগের প্রধান অলিভার টি জোনসসহ ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন।

এইচএসবিসি জানিয়েছে, আন্তর্জাতিক সোর্সিং কৌশলের পরিবর্তন ও বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা খুঁজে বের করাই এ আয়োজনের লক্ষ্য। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা এবং শিল্পসংশ্লিষ্টদের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি বৈশ্বিক পোশাক সরবরাহ ব্যবস্থার পরিবর্তিত চাহিদা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও আন্তঃসীমান্ত বাণিজ্যে অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বাজারে প্রবেশ ও প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে সহায়তা করে আসছে এইচএসবিসি। অন্যদিকে বিজিএমইএ তৈরি পোশাক খাতের অভিজ্ঞতা ও প্রতিনিধিত্বের মাধ্যমে পণ্য এবং বাজার বৈচিত্র্যকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান যৌথভাবে রোড শোটির আয়োজন করবেন।

আরও