ইউএইর কেন্দ্রীয় ব্যাংকে ৭৪৬ কোটি ডলারের স্বর্ণ মজুদ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্বর্ণ মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইউনাইটেড আরব আমিরাত (সিবিইউএই)।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্বর্ণ মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইউনাইটেড আরব আমিরাত (সিবিইউএই)। এ সময় ব্যাংকটির মজুদে নতুন করে যুক্ত হয়েছে ৪৪৪ কোটি ৪০ লাখ আমিরাতি দিরহাম বা ১২১ কোটি ডলারের সমতুল্য মূল্যের স্বর্ণ।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদন অনুসারে, বছরের প্রথম প্রান্তিক শেষে ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের মোট মজুদ দাঁড়িয়েছে ২ হাজার ৭৪২ কোটি ৫০ লাখ দিরহাম বা ৭৪৬ কোটি ডলারের স্বর্ণ। যেখানে ২০২৪ সালের শেষ নাগাদ মজুদ ছিল ২ হাজার ২৯৮ কোটি ১০ লাখ দিরহাম বা ৬২৫ কোটি ডলারের স্বর্ণ।

কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বুলেটিন থেকে স্বর্ণ মজুদ বৃদ্ধির বিষয়টি জানা গেছে।

এছাড়া বলা হচ্ছে, দেশটির ব্যাংক খাতের ধারাবাহিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে আমানত ও ইলেকট্রনিক লেনদেন।

সিবিইউএইর পরিসংখ্যান অনুসারে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে দেশটির চলতি আমানত বেড়ে হয়েছে ১ দশমিক ১৪৭ ট্রিলিয়ন দিরহাম বা ৩১ হাজার ২২৪ কোটি ডলার, যা কিনা ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে ছিল ১ দশমিক ১০৯ ট্রিলিয়ন দিরহাম। এছাড়া সঞ্চয়ী আমানত বেড়ে হয়েছে ৩৩ হাজার ৮৭৮ কোটি ৮০ লাখ দিরহাম। মেয়াদি আমানত পৌঁছে ৯৯ হাজার ১৭৫ কোটি ৭০ লাখ দিরহামে।

এ সময় ব্যাংক টু ব্যাংক ও গ্রাহক স্থানান্তর মিলিয়ে ফান্ড ট্রান্সফার সিস্টেম বা ইউএইএফটিএসের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৫ দশমিক ৪৪৯ ট্রিলিয়ন দিরহাম বা ১ দশমিক ৪৮ ট্রিলিয়ন। এছাড়া ডিজিটাল ইমেজিংয়ের মাধ্যমে নিষ্পত্তিকৃত চেকের মূল্য ছিল ৩৫ হাজার ১৩৫ কোটি ৯০ লাখ দিরহাম। শুধু মার্চেই নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৬৭১ কোটি ২০ লাখ দিরহামের চেক। অন্যদিকে প্রথম প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোট নগদ উত্তোলন হয়েছে ৬ হাজার ৩৮৮ কোটি ৭০ লাখ দিরহাম এবং জমা পড়েছে ৪ হাজার ৭১২ কোটি ৪০ লাখ দিরহাম।

আরও