ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় চলতি মৌসুমে টানা ভারি বৃষ্টির কারণে গম উৎপাদন ১২ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। তবে ২০২৫-২৬ মৌসুমে দেশটিতে গম (সফট হুইট) উৎপাদন বাড়তে পারে ১১ শতাংশ। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে কনসালট্যান্সি প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি গ্রেইনস। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিষ্ঠানটি জানায়, আগামী মৌসুমে ইইউভুক্ত দেশগুলোয় গম উৎপাদন হতে পারে ১২ কোটি ৬৬ লাখ টন। ২০২৪-২৫ মৌসুমে এ দেশগুলোয় মোট ১১ কোটি ৪২ লাখ টন গম উৎপাদন হয়েছিল।
স্ট্র্যাটেজি গ্রেইনসের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোয় শীতকালীন গমের পরিস্থিতি ক্রমে ভালো হচ্ছে।
ফলন বাড়ার কারণে ইইউভুক্ত দেশগুলো থেকে ২০২৫-২৬ মৌসুমে গম রফতানিও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।। এ সময় মোট রফতানির পরিমাণ হতে পারে ২ কোটি ৯৩ লাখ টন, ২০২৪-২৫ মৌসুমে যা ছিল ২ কোটি ৩৮ লাখ টন।
এছাড়া এ দেশগুলোয় যব উৎপাদনও বাড়তে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজি গ্রেইনস। ২০২৫-২৬ মৌসুমে দেশটিতে এ পণ্যের উৎপাদনের পরিমাণ হতে পারে পাঁচ কোটি ছয় লাখ টন। এ সময় ভুট্টা উৎপাদন বেড়ে পৌঁছতে পারে ৫ কোটি ৯৬ লাখ টনে, চলতি মৌসুমে যা ছিল ৫ কোটি ৭৯ লাখ টন।