বৈশ্বিক সরবরাহ চেইন ও উৎপাদন খাতে অতিরিক্ত কেন্দ্রীকরণ কমানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সি।
সম্মেলনে এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, ‘কিছু খাতের সরবরাহ চেইন ও উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত কেন্দ্রীকরণ দেখা যাচ্ছে। কিন্তু অর্থনীতিকে আরো টেকসই করতে আমাদের একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ডব্লিউটিওতে আমরা একে পুনর্বিশ্বায়ন বলি।’
ওকোনজো-ইওয়েলা বলেন, ‘বিশ্বের প্রয়োজনীয় চিপের ৯০ শতাংশ একটি জায়গায় উৎপাদন হয়, খনিজ প্রক্রিয়াজাতের ৭০ শতাংশ একটি দেশেই সম্পন্ন হয় এবং ৮০ শতাংশ টিকা মাত্র ১০টি দেশ থেকে রফতানি হয়। এটা মোটেও স্বাভাবিক নয়।’
তিনি আরো বলেন, ‘সরবরাহ চেইন কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায় এবং এতে বৈচিত্র্য আনা যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে। ডব্লিউটিও এমন একটি উদ্যোগ চালু করেছে, যা দেশগুলোকে তাদের অর্থনীতি শক্তিশালী করতে ও বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবে।’
সোমবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী দাভোস সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল ‘বুদ্ধিমত্তার যুগে সহযোগিতা’।