সিজিএসের সভায় অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় দুই বছর কঠিন সময় যাবে

দেশের অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় আগামী দুই বছর কঠিন সময় যাবে বলে সতর্ক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘ভঙ্গুর থেকে স্থিতিস্থাপক অবস্থায় পৌঁছতে দুই বছর সময় লাগবে। তৃতীয় বছর হবে একটি ভালো সময়। আর চতুর্থ ও পঞ্চম বছর হবে সমৃদ্ধির বছর।’

রাজধানীতে গতকাল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সহযোগিতায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনা সভায় অর্থমন্ত্রীর বক্তব্যে এসব বিষয় উঠে আসে। ‘দ্য ফিসক্যাল কম্পাস ২০২৬: বিয়ন্ড দ্য নাম্বার্স, শেপিং বাংলাদেশ’স ফিউচার—প্রপোজড ন্যাশনাল বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রস্তাবিত বাজেটের অন্যতম কেন্দ্রীয় ধারণা অর্থনীতির গণতান্ত্রিকীকরণ। নাগরিকরা কেবল নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে না, তাদের অর্থনীতিতে অবদান রাখার এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। এবার আমরা বৃহত্তর অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং সুযোগ সৃষ্টির ভিত্তিতে একটি নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছি।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএপির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক এমএ বাকী খলিলী। এছাড়া আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), অর্থনীতিবিদ সেলিম জাহান, ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, অর্থনীতিবিদ আবু আহমেদ প্রমুখ।

ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক, অর্থনীতিবিদ মামুন রশীদ, র‍্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক, অর্থনীতিবিদ পারভেজ করিম আব্বাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

আরও