আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়তে থাকায় ২০২৬ সালেও নিম্নমুখী থাকতে পারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সম্প্রতি প্রকাশিত এক নোটে এ তথ্য জানিয়েছে। তবে চলতি বছর রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলাসংক্রান্ত ভূরাজনৈতিক ঝুঁকির কারণে পণ্যটির বাজারে অস্থিতিশীলতা বজায় থাকবে। খবর রয়টার্স।
ব্যাংকটির প্রকাশিত নোট অনুযায়ী, ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের গড় মূল্য হতে পারে ব্যারেলপ্রতি ৫৬ ডলার। এ সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গড় দাম হতে পারে ব্যারেলপ্রতি ৫২ ডলার। তবে বছরের শেষ প্রান্তিকে শিল্পোন্নত দেশগুলোর জোট ওইসিডি-ভুক্ত দেশগুলোয় জ্বালানি তেলের মজুদ বাড়তে পারে। তাই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম নেমে আসতে পারে যথাক্রমে ৫৪ ও ৫০ ডলারে।