ওষুধ খাতে তালিকাভুক্ত রেনাটা পিএলসি যুক্তরাষ্ট্রের বাজারে রোসুভাস্টাটিন রফতানি করেছে। ওষুধটি মূলত উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ও হৃদরোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদিত বাংলাদেশের কারখানায় উৎপাদিত এ ওষুধ প্রথমবারের মতো দেশটির বাজারে সরবরাহ করা হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
রেনাটা জানিয়েছে, ওষুধটি রোলিপ নামে আরো বেশি পরিচিত। এটি রোসুভাস্টাটিনের জন্য বাংলাদেশের বাজারে শীর্ষস্থানীয় এবং সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। রোলিপ এখন মার্কিন বাজারে বায়োইকুইভ্যালেন্ট ও বিনিময়যোগ্য ফর্মুলেশন হিসেবে পাওয়া যাবে। রোলিপের চারটি ডোজের ট্যাবলেট রয়েছে—৫, ১০, ২০ ও ৪০ মিলিগ্রাম।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেনাটার সমন্বিত মোট বিক্রি হয়েছে ১ হাজার ১৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪৪ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০২ কোটি টাকা।
১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ২৭২ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০।