যুক্তরাষ্ট্রে কমেছে পণ্যের উৎপাদন খরচ

যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে কমে আসছে পণ্যের উৎপাদন খরচ। ডিজেলের মতো জ্বালানি ও খাদ্যের দাম কমায় এ খরচ কমছে।

যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে কমে আসছে পণ্যের উৎপাদন খরচ। ডিজেলের মতো জ্বালানি ও খাদ্যের দাম কমায় এ খরচ কমছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে দেশটির মূল্যস্ফীতিও কমবে। মূল্যস্ফীতি কমলে ফেডারেল রিজার্ভ সুদের হার কমবে বলে আশা করা যায়। খবর রয়টার্স।

সম্প্রতি দেশটির লেবার ডিপার্টমেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন খাতের মূল্য টানা তৃতীয় মাসে অপরিবর্তিত ছিল। তবে গত মাসে ভোক্তা পর্যায়ে পণ্যমূল্য কিছুটা বেড়েছে।

অর্থনীতিবিদরা ধারণা করছেন, ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা (২ শতাংশ) অনুযায়ী মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় ডিসেম্বরে সামান্য বেড়েছে।

নর্থ ক্যারোলাইনার এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান অর্থনীতিবিদ জেফ্রি রোচ বলেছেন, ‘মূল্যস্ফীতি কমার পথ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম ধীরে ধীরে ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রায় পৌঁছবে।’

লেবার ডিপার্টমেন্টের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস জানিয়েছে, চূড়ান্ত চাহিদার জন্য প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) গত মাসে দশমিক ১ শতাংশ কমেছে। টানা তিন মাস ধরে পিপিআই কমে আসছে।

রয়টার্সের চালানো জরিপ অনুসারে, অর্থনীতিবিদরা পূর্বাভাস করেছেন, পিপিআই দশমিক ১ শতাংশ বাড়তে পারে। পণ্যের দাম দশমিক ৪ শতাংশ কমতে পারে। ডিজেলের দাম ১২ দশমিক ৪ শতাংশ কমতে পারে।

তবে নভেম্বরে পণ্যের দাম দশমিক ৩ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তিন মাস এসব পণ্যের দাম কমেছে। খাদ্য ও জ্বালানি বাদে নভেম্বরে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম দশমিক ১ শতাংশ বাড়ার পর পরের মাসে তা অপরিবর্তিত ছিল।

গত মাসে খাবারের দাম দশমিক ৯ শতাংশ কমেছে। ডিমের দাম ২০ দশমিক ৫ শতাংশ কমেছে, যা নভেম্বরে ৭১ দশমিক ২ শতাংশ বেড়েছিল। দেশটির কিছু বাণিজ্যিক খামারে এভিয়ান ফ্লুর প্রাদুর্ভাবের কারণে নভেম্বরে ডিমের দাম বেড়েছিল। পাইকারি দরে যাত্রীবাহী গাড়ির দাম ৩ শতাংশ কমেছে। কিন্তু পেট্রলের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

গত ১২ মাসে পিপিআই দশমিক ১ শতাংশ বেড়েছে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভোক্তা পর্যায়ে পণ্যের দাম ডিসেম্বরে পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে।

আর্থিক খাতসংশ্লিষ্টরা আশাবাদী যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মার্চে তাদের সুদের হার কমাতে পারে। সুদের হার ২০২২ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ফেড। ফেডারেল রিজার্ভের সুদের হার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫০-এর মধ্যে রয়েছে।

আরও