কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তবে প্রতিবেশী দেশটির সব পণ্য ও সামগ্রীর ওপর শতভাগ শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে স্থানীয় পণ্য কিনতে নিজ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রু স্যোশালে গত শনিবার ট্রাম্প লেখেন, ‘কানাডাকে পুরোপুরি গ্রাস করবে চীন, তাদের ব্যবসা, সামাজিক ব্যবস্থা ও জীবনধারা ধ্বংস করবে। কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে তাৎক্ষণাৎ আমদানীকৃত সব কানাডীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
এর পরই মার্কিন হুমকির সরাসরি উল্লেখ না করে এক ভিডিও বার্তায় কানাডীয়দের দেশীয় পণ্য কিনতে উৎসাহিত করেন মার্ক কার্নি। তিনি বলেন, ‘বিদেশ থেকে আমাদের অর্থনীতি যখন চাপে রয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, যা আমাদের নিয়ন্ত্রণে আছে, তার দিকেই মনোযোগ দেব। আমরা অন্য দেশ কী করবে তা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজেরা নিজেদের সেরা ক্রেতা হতে পারি।’
কানাডা-চীন সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে চলতি মাসে বেইজিং সফর করেন মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের পর কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ শুল্কসংক্রান্ত বিষয়ে সমঝোতায় পৌঁছান তিনি।