মালয়েশীয় পাম অয়েলের দরপতন অব্যাহত

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পাম অয়েলের দর কমায় মালয়েশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পাম অয়েলের দর কমায় মালয়েশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল ভোজ্যতেলটির মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৪ হাজার ২০৫ রিঙ্গিতে (৯৯৫ ডলার ৫০ সেন্ট)। এটি আগের দিনের তুলনায় টনে ৫৫ রিঙ্গিত বা ১ দশমিক ২৯ শতাংশ কম। অক্টোবরে এখন পর্যন্ত মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে ৩ দশমিক ৩৮ শতাংশ। টানা দুই মাস ধরে ভোজ্যতেলটির দাম নিম্নমুখী রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘ডালিয়ানে গতকালের দরপতনের ধারা অনুসরণ করবে পাম অয়েলের বাজার।’

ডালিয়ানে গতকাল সবচেয়ে বেশি বেচাকেনা হওয়া চুক্তির আওতায় সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ২৫ শতাংশ। একই সময়ে পাম অয়েলের দাম কমেছে দশমিক ৬৩ শতাংশ। আর যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ১ শতাংশ।

পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ প্রতিষ্ঠান অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়ার তথ্য অনুযায়ী, মালয়েশীয় পাম অয়েল পণ্য রফতানি অক্টোবরে ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১ হাজার ৯৪৫ টনে। সেপ্টেম্বরে রফতানি হয়েছিল ১৪ লাখ ৩৯ হাজার ৮৪৫ টন।

ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটিতে নভেম্বরে অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য টনপ্রতি ৯৬৩ ডলার ৭৫ সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা অক্টোবরে নির্ধারিত ৯৬৩ ডলার ৬১ সেন্টের তুলনায় সামান্য বেশি।

আরও