বিজিএমইএর সভাপতি হলেন মাহমুদ হাসান খান

চূড়ান্ত তালিকায় কোনো পক্ষ আপিল না করায় নির্বাচন বোর্ড নমিনেশন দাখিল করা প্রার্থীদের অফিস বেয়ারার পদে নির্বাচিত ঘোষণা করে।

গত ৩১ মে বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৪ জুন), উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে ২০২৫-২৭ মেয়াদের নতুন অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আটটি অফিস বেয়ারার পদে আটজন প্রার্থী তাদের নমিনেশন জমা দেন এবং বোর্ড কর্তৃক তা যাচাইবাছাই করা হয়। পরে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকায় কোনো পক্ষ আপিল না করায় নির্বাচন বোর্ড নমিনেশন দাখিল করা প্রার্থীদের অফিস বেয়ারার পদে নির্বাচিত ঘোষণা করে। ফলাফল ঘোষণা করেন বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং সদস্য আশরাফ আহমেদ।

অফিস বেয়ারার নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান। এছাড়াও বাকি পদে নির্বাচিত হয়েছেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী।

বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন নব-নির্বাচিত অফিস বেয়ারারস ও পরিচালকদের আন্তরিক অভিনন্দন এবং বিজিএমইএ নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সব সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী ১৬ জুন ২০২৫ বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএর নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করবে।

আরও