টয়োটাকে টপকে জাপানের শীর্ষ কোম্পানি সফটব্যাংক

দীর্ঘ দুই দশকের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটল জাপানের করপোরেট দুনিয়ায়।

গাড়ি নির্মাতা জায়ান্ট টয়োটাকে পেছনে ফেলে জাপানের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে শীর্ষস্থান দখল করেছে প্রযুক্তি খাতের জায়ান্ট ‘সফটব্যাংক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আকাশচুম্বী চাহিদার কারণেই এ পরিবর্তন এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এফটি। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর টয়োটা নিজের শীর্ষ মুকুট হারাল।

বাজার মূলধনের দিক থেকে ২০০৩ সালে টেলিকম গ্রুপ এনটিটি ডোকোমোকে টপকে জাপানের ১ নম্বর কোম্পানি হয়েছিল টয়োটা। এর পর থেকে টানা দুই দশক প্রতিষ্ঠানটি এ অবস্থান ধরে রাখে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপ ও এআই কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। তাতেই ভাগ্য খুলেছে মাসায়োশি সনের নেতৃত্বাধীন সফটব্যাংক গ্রুপের।

জাপানের পুঁজিবাজারে পরিবর্তনের হাওয়া নিয়ে ব্রোকারেজ প্রতিষ্ঠান মনেক্স গ্রুপের পরিচালক জেসপার কোল বলেন,"‘জাপানের করপোরেট খাত এখন আর আগের মতো নেই। ধীরে ধীরে উন্নতির চেষ্টা আর সুরক্ষিত ব্যালান্সশিটের চেয়েও এখনকার দুনিয়ায় সাহসী নেতৃত্ব ও ঝুঁকি নেয়ার প্রবণতাই শেষ পর্যন্ত জয়ী হচ্ছে।’

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে বড় ধরনের বিনিয়োগ রয়েছে সফটব্যাংকের। বিশ্লেষকদের মতে, এআই দুনিয়ায় আধিপত্য বিস্তারের এ বড় লক্ষ্যই সফটব্যাংককে জাপানের শেয়ারবাজারের মূল আকর্ষণ করে তুলেছে। অবশ্য গত অক্টোবরে সফটব্যাংকের শেয়ারদর সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। পরে অবশ্য ওপেনএআই নিয়ে বিনিয়োগকারীদের কিছুটা অনীহা তৈরি হওয়ায় দর বেশ পড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ওপেনএআইয়ের তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা ও সফটব্যাংকের নিজস্ব চিপ ডিজাইনার প্রতিষ্ঠান আর্ম থেকে বিপুল আয়ের পূর্বাভাস আসার পর পরিস্থিতি ফের পুরোপুরি বদলে যায়।

এদিকে জাপানি শেয়ারবাজারকে চাঙ্গা করে তুলেছে সফটব্যাংকের এ খবর। দেশটির প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ গতকাল ১ শতাংশ বেড়ে প্রথমবারের মতো সাময়িকভাবে ৬৭ হাজার পয়েন্ট পার করেছে। বছরের শুরু থেকে হিসাব করলে সূচকটি প্রায় ৩০ শতাংশ বেড়েছে। আর্থিক খাতের বিশ্লেষক প্রতিষ্ঠান নোমুরার মতে, ২০২৬ সালের শেষের দিকে এ সূচক ৬৮ হাজার পয়েন্ট স্পর্শ করবে ও আগামী বছর নাগাদ তা ৭০ হাজারে গিয়ে ঠেকতে পারে।

তবে নোমুরার প্রধান ইকুইটি স্ট্র্যাটেজিস্ট তোমোচিকা কিতাওকা কিছুটা সতর্কবার্তাও দিয়েছেন। তিনি জানান, এআই ও চিপ খাতের আয়ের প্রবৃদ্ধিতে দ্রুত গতি ভবিষ্যতে কতটা স্থায়ী হবে, তা এখন গভীরভাবে খতিয়ে দেখার সময় এসেছে।

আরও