বিশ্বজুড়ে গত বছর ১ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৮০৭টি গাড়ি বিক্রি করেছে জাপানি গাড়ি নির্মাতা টয়োটা। এটি কোম্পানিটির সর্বোচ্চ বিক্রির রেকর্ড। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানীকৃত গাড়ির ওপর শুল্ক আরোপের পরও উত্তর আমেরিকায় টয়োটা দৃঢ় অবস্থান ধরে রেখেছে। খবর নিক্কেই এশিয়া।
এ নিয়ে টানা ষষ্ঠ বছরের মতো বিশ্বের শীর্ষ গাড়ি বিক্রেতার অবস্থান ধরে রাখল টয়োটা। ২০২৫ সালে কোম্পানিটির জার্মান প্রতিদ্বন্দ্বী ভক্সওয়াগন বিক্রি করেছে ৮৯ লাখ ৮৩ হাজার ৯০০টি গাড়ি।
এমন একসময় টয়োটার গাড়ি বিক্রি তথ্য প্রকাশ হলো যখন চীনা নির্মাতারা বৈশ্বিক বাজারে দ্রুত উপস্থিতি বাড়াচ্ছে। ২০২৫ সালে চীনা কোম্পানিগুলোর সম্মিলিত বিক্রি প্রথমবারের মতো জাপানি নির্মাতাদের ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
মধ্য ও দীর্ঘমেয়াদে বৈশ্বিক অবস্থান ধরে রাখতে গত সপ্তাহে টয়োটা ভারতে প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে।
লাক্সারি ব্র্যান্ড লেক্সাসসহ টয়োটার সম্মিলিত বিক্রি আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। উত্তর আমেরিকা, জাপান, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে চাহিদা শক্তিশালী ছিল। জাপানের বাইরে বিক্রি হয়েছে ৯০ লাখের বেশি গাড়ি, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি এবং এটিও একটি রেকর্ড।
টয়োটার বৈশ্বিক বিক্রির ২৮ শতাংশ হিস্যা ছিল উত্তর আমেরিকার, আগের বছরের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বিক্রি বেড়ে হয়েছে ২৯ লাখ। কোম্পানিটি জানিয়েছে, হাইব্রিড গাড়ির শক্তিশালী চাহিদা বাজারটিতে বিক্রির গতি ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে।
শুধু যুক্তরাষ্ট্রেই টয়োটার বিক্রি বেড়েছে ৮ শতাংশ। জাপানের কারখানা থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো গাড়ির সংখ্যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার ২০৪ ইউনিটে। শুল্ক আরোপের পরও এমন কিছু মাস ছিল, যখন আগের বছরের তুলনায় বিক্রি ১০ শতাংশের বেশি বেড়েছে।
২০২৫ সালের শুরুতে জাপানি গাড়ি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর মোট ২৭ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা আগে ছিল আড়াই শতাংশ। তবে টোকিও ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তির পর সেপ্টেম্বরে শুল্কহার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।