নিষেধাজ্ঞা এড়াতে কৌশল

রুশ অংশীদারত্বে পরিবর্তন আনল ভারতীয় রেলওয়ে

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে বন্দে ভারত স্লিপার ট্রেন প্রকল্পের রুশ অংশীদারত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারতীয় রেলওয়ে।

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে বন্দে ভারত স্লিপার ট্রেন প্রকল্পের রুশ অংশীদারত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারতীয় রেলওয়ে। নিষেধাজ্ঞার কবলে থাকা রুশ কোম্পানি মেট্রোয়াগনম্যাশ থেকে যৌথ উদ্যোগের সংখ্যাগরিষ্ঠ অংশীদারত্ব এমন একটি রুশ কোম্পানিকে দেয়া হয়েছে, যার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। খবর দ্য হিন্দু।

অংশীদারত্বে পরিবর্তনের পর যৌথ উদ্যোগটির নাম রাখা হয়েছে কিনেট রেলওয়ে সলিউশনস। যেখানে রুশ কোম্পানি লোকোমোটিভ ইলেকট্রনিকস সিস্টেমসের (এলইএস) অংশীদারত্ব ৫ থেকে বেড়ে ৪০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে মেট্রোয়াগনম্যাশের অংশীদারত্ব ৭০ থেকে কমে ৩৫ শতাংশে নেমে এসেছে। এ প্রকল্পে ভারতীয় অংশীদার রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) ২৫ শতাংশ অংশীদারত্ব অপরিবর্তিত রয়েছে।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, মেট্রোয়াগনম্যাশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানিগুলো ভবিষ্যতে বেঁকে বসতে পারত। বিশেষ করে, ইউরোপীয় সরবরাহকারীরা নিষেধাজ্ঞাভুক্ত কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করতে অনিচ্ছুক। তাই যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করতে এবং প্রকল্প নির্বিঘ্নে চালিয়ে নিতে অংশীদারত্বে পরিবর্তন আনা হয়েছে।

তবে ভারতীয় রেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, ২০২৩ সালেই যৌথ উদ্যোগটিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছিল। অংশীদারত্বে পরিবর্তন রুশ অংশীদারদের অভ্যন্তরীণ বিষয় এবং এর ফলে বন্দে ভারত স্লিপার ট্রেনের উৎপাদন বা প্রকল্পের ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।

আরভিএনএলের প্রধান নির্বাহী পরিচালক পিএম শর্মা বলেছেন, এ পরিবর্তনের পেছনে বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। প্রধানত ব্যয় সাশ্রয় ও বন্দে ভারত ট্রেনের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহের জন্য বিকল্প ও সহজলভ্য চেইন তৈরি। তাছাড়া এর মধ্য দিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরো জোরদার করা সম্ভব হবে এবং বিদেশী প্রযুক্তি বিনিময়ের সুবিধাও বাড়বে।

আরও