শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম কমেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দাম কমার পেছনে ভূমিকা রেখেছে শীর্ষ আমদানিকারক দেশ চীনের নিম্নমুখী ক্রয় চাহিদা ও পর্যাপ্ত ফলনের পূর্বাভাস। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ কমে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) নেমেছে ১০ ডলার ৩২ সেন্টে। এ সময় ভুট্টার দাম দশমিক ২৪ শতাংশ কমে বুশেলপ্রতি ৪ ডলার ২০ সেন্টে নেমে এসেছে। এ সময় গমের দাম দাঁড়িয়েছে বুশেলে ৫৪ ডলার ২৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৪ শতাংশ কম।
এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বিশ্ব সরবরাহ ও চাহিদাসংক্রান্ত মাসভিত্তিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে শুক্রবার। এ বিষয়ে স্টোনএক্সের চিফ কমোডিটিস ইকোনমিস্ট আরলান সুডারম্যান জানান, ইউএসডিএর প্রতিবেদনে ভুট্টার মতো সয়াবিনের ফলন পূর্বাভাস সংশোধন করার কথা রয়েছে। আগস্টে অনুকূল আবহাওয়া না থাকা এবং সেপ্টেম্বরে তেমন উন্নতি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে এ ধরনের ধারণা তৈরি হয়েছে।