আইপিডিসি ফাইন্যান্সের সুদ আয় বেড়েছে ১৫%

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সুদ আয় বেড়েছে ১৫ শতাংশ।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সুদ আয় বেড়েছে ১৫ শতাংশ। তবে একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। গতকাল আইপিডিসি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির সুদ আয় হয়েছে ৬২৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪৫ কোটি টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি টাকা।

কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে বিনিয়োগ আয় বেড়েছে ২৫ কোটি টাকা। তবে ডিপোজিট খরচ বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট বৃদ্ধি, মুদ্রাবাজারে তারল্য চাপ ও অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রভাবে সুদ ব্যয় ২৮ শতাংশ বেড়েছে।

২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে আইপিডিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৪ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ।

আরও