ভিয়েতনামে গত সপ্তাহে কফির দাম বেড়েছে। বর্তমানে ফসল সংগ্রহের শীর্ষ মৌসুম চললেও কৃষকরা বিক্রি কমিয়ে দিয়েছেন। ফলে সরবরাহ সীমিত হয়ে পড়ায় পণ্যটির দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি ৯৯ হাজার ৫০০ থেকে ১ লাখ ২০০ ডংয়ে (৩ ডলার ৭৯ সেন্ট থেকে ৩ ডলার ৮২ সেন্ট) বিক্রি করেছেন। এটি আগের সপ্তাহের কেজিপ্রতি ৯৮ হাজার ৩০০ থেকে ৯৮ হাজার ৮০০ ডংয়ের তুলনায় বেশি।
ব্যবসায়ীরা জানান, ভিয়েতনামে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়লেও ইন্দোনেশিয়ায় কফি বেচাকেনায় মূল্য সংযোজন অপরিবর্তিত রয়েছে। দেশটিতে আবহাওয়া পরিস্থিতি কফিগাছের আরো অনুকূল হয়ে ওঠায় বাজার স্থিতিশীল রয়েছে।
লন্ডনভিত্তিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এলএসইজির তথ্য অনুযায়ী, মার্চে সরবরাহের চুক্তিতে গত বুধবার প্রতি কেজি রোবাস্তা কফির দাম টনপ্রতি ১৩৭ ডলার বেড়ে ৪ হাজার ৭৮ ডলারে দাঁড়িয়েছে। গত ১২ ডিসেম্বরের পর এটি রোবাস্তা কফির সর্বোচ্চ দর।