আয় বৃদ্ধির পূর্বাভাস ফ্লাইদুবাইয়ের

২০২৩ সালে আয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রনিয়ন্ত্রিত উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইদুবাই।

২০২৩ সালে আয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রনিয়ন্ত্রিত উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইদুবাই। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও উড়োজাহাজ চলাচলে বিলম্ব হওয়া নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। খবর রয়টার্স।

২০২২ সালে ফ্লাইদুবাইয়ের বার্ষিক আয় ছিল ৩২ কোটি ৭০ লাখ ডলার, যা ২০২১ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি। চলতি বছরের আয় তার চেয়েও বাড়বে বলে আশা করা হচ্ছে। ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গাইথ আল গাইথ বলেছেন, ‘‌আমরা প্রত্যাশা করছি চলতি বছর গত বছরের তুলনায় ভালো হবে। তবে এটা নির্ভর করবে বছরের দ্বিতীয়ার্ধের ওপর। বিশেষ করে জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে, তা পরিষেবা খাতে প্রভাব ফেলবে।’

উড়োজাহাজ পরিষেবা খাতে জ্বালানি বিলই সার্বিক ব্যয়ের ২৫ শতাংশ। চলতি বছরের জুন-সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ফ্লাইদুবাই রেকর্ড আয় করেছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩০ শতাংশ। ৫২টি দেশের ১২০টি গন্তব্যে ৩২ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ২২ শতাংশ বেশি। প্রধান নির্বাহী গাইথ বলেন, ‘‌যাত্রী ও ফ্লাইট বিবেচনায় নিলে চলতি বছরের গ্রীষ্মকাল ছিল ফ্লাইদুবাইয়ের সবচেয়ে ব্যস্ত গ্রীষ্মকাল।’

ফ্লাইদুবাই শীতকালেও যাত্রী চলাচল রেকর্ড উচ্চতায় থাকার পূর্বাভাস দিয়েছে। নভেম্বরে দুবাইতে কপ-২৮ সম্মেলন হবে। পাশাপাশি থাকবে কিছু আন্তর্জাতিক আসর। ফলে পর্যটন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হবে।

আরও