রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. রওশানুল হক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিকপ্রতিষ্ঠান বিভাগের ৮ অক্টোবরের প্রজ্ঞাপনের পর তিনি এ পদে যোগদান করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৮ বছরেরও বেশি ব্যাংকিং ক্যারিয়ারে মো. রওশানুল হক বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দায়িত্ব পালন করেছেন। পদোন্নতির আগে তিনি বিকেবির প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে প্রশাসন মহাবিভাগ, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগ এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) হিসেবে কাজ করেন।
মো. রওশানুল হক ১৯৯৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক এবং প্রাইম ব্যাংক ও বেসিক ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বেসিক ব্যাংকে দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান ঝুঁকি কর্মকর্তা, ইনোভেশন অফিসার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন মহাবিভাগের প্রধান ও সার্কেলপ্রধান হিসেবে কাজ করেন।
মো. রওশানুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে পরিসংখ্যানে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ডাটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ে পিএইচডি গবেষণারত।
মো. রওশানুল হক ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ) সনদসহ ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেছেন। সামাজিক ব্যাংকিং, কৃষি অর্থায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনে যুক্তরাজ্য, শেনজেনভুক্ত একাধিক দেশ, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ১৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন তিনি।