সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে। এর প্রভাবে অঞ্চলটিতে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে। এর প্রভাবে অঞ্চলটিতে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রি প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে প্রতি কেজি শুকনা মরিচের দাম ছিল ৩৮০-৪০০ টাকা, যা এক মাস আগে ছিল ৩১০-৩২০ টাকা।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি পাইকারিতে দাম বেড়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও বেড়েছে শুকনা মরিচের দাম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ২০ হাজার ৩০২ টন, যার মূল্য ছিল ৫৫৮ কোটি ২৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ স্থলবন্দর দিয়ে ৬০৭ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ২২ হাজার ৬৫৫ টন শুকনা মরিচ আমদানি হয়। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে ২ হাজার ৩৫৩ টন।

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বণিক বার্তাকে জানান, সম্প্রতি ভারতের বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি দাম বেড়ে যাওয়ায় শুকনা মরিচ আমদানি কিছুটা কমেছে।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, আমদানি কমে যাওয়ায় শুকনা মরিচের দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে আসতে পারে।

আরও