এপ্রিল-জানুয়ারি

পরিশোধিত ইস্পাত আমদানিতে ভারতের রেকর্ড

ভারত চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) রেকর্ড পরিশোধিত ইস্পাত আমদানি করেছে।

ভারত চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) রেকর্ড পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। দেশটির সরকারের প্রকাশিত প্রাথমিক ডাটার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে সবচেয়ে বেশি পরিশোধিত ইস্পাত আমদানি করেছে ভারত।

প্রাথমিক ডাটা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে এ সময় ভারতের মোট আমদানির পরিমাণ ছিল ২৪ লাখ টন, যা গত অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। এপ্রিল-জানুয়ারি পর্যন্ত ভারতের চীন থেকে আমদানি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৩ লাখ টনে পৌঁছেছে।

আরো জানা যায়, জাপান থেকে পরিশোধিত ইস্পাত আমদানি চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বেড়েছে ৮৮ দশমিক ৬ শতাংশ। মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ টনে।

এছাড়া গত অর্থবছরের তুলনায় ইন্দোনেশিয়া থেকে আমদানি প্রায় তিন গুণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই ভারতে তিন লাখ টন পরিশোধিত ইস্পাত রফতানি করেছে ইন্দোনেশিয়া।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর দেশটি ইস্পাতের নিট আমদানিকারক ছিল। এপ্রিল-জানুয়ারি পর্যন্তও দেশটি এ অবস্থান ধরে রেখেছে। ভারতে মোট পরিশোধিত ইস্পাতের ৭৮ শতাংশই সরবরাহ করে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান।

ইস্পাতের লাগামহীন আমদানি নিয়ন্ত্রণে সুরক্ষা শুল্ক বা অস্থায়ী কর আরোপের প্রয়োজন কিনা তা নির্ধারণে ডিসেম্বরে একটি তদন্ত শুরু করেছে ভারত। সম্প্রতি ভারতের ইস্পাতমন্ত্রী জানিয়েছেন, ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইস্পাত আমদানিতে ১৫-২৫ শতাংশ পর্যন্ত সাময়িক শুল্ক আরোপ করা হতে পারে।

আরও