বিশ্বে প্রথমবারের মতো কোনো কোম্পানি হিসেবে পাঁচ হাজার জাহাজ সরবরাহের রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই। গত সপ্তাহে এ বৈশ্বিক রেকর্ড উদযাপন করেছে কোম্পানিটি, যা আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্বস্থানীয় অবস্থান তুলে ধরল। খবর কোরিয়া হেরাল্ড।
এইচডি হুন্দাইয়ের মাইলফলক জাহাজটি ছিল ডিয়েগো সিলাং। কোম্পানির উলসান শিপইয়ার্ডে ফিলিপাইন নেভির জন্য তৈরি হয়েছে এ অত্যাধুনিক পেট্রোল ফ্রিগেট। এর মাধ্যমে কার্যক্রম শুরুর ৫০ বছর পর মাইলফলকের অংশ হলো শিপইয়ার্ডটি।
দিয়েগো সিলাং গত মাসে হস্তান্তর করা হয়েছে। এ ফ্রিগেটসহ ফিলিপাইন নৌবাহিনী এইচডি হুন্দাই থেকে মোট ১০টি নৌযান কিনেছে।
এ উপলক্ষে ইলসান শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে এইচডি হুন্দাইয়ের চেয়ারম্যান চুং কি-সুন বলেন, ‘পাঁচ হাজার জাহাজের মাইলফলক কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্পের গৌরব ও চ্যালেঞ্জপূর্ণ ইতিহাসকে তুলে ধরে।’
২০১৭ সালে হুন্দাই গ্রুপ থেকে আলাদা হয় এইচডি হুন্দাই। ১৯৭৪ সাল থেকে জাহাজ নির্মাণ শিল্পে অবদান রাখছে কোম্পানিটি। ওই বছর উলসান শিপইয়ার্ডে নির্মাণ হয় প্রথম জাহাজ আটলান্টিক ব্যারন। এটি ছিল ২ লাখ ৬০ হাজার টন ধারণক্ষমতার আল্ট্রালার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার।
এইচডি হুন্দাইয়ের অধীনে বর্তমানে তিনটি শিপইয়ার্ড রয়েছে। এসব শিপইয়ার্ড থেকে ৬৮টি দেশের ৭০০ ক্রেতার কাছে হস্তান্তর হয়েছে পাঁচ হাজার জাহাজ। কোম্পানিটি বলছে, এমন মাইলফলক এখনো ইউরোপীয় কোনো দেশ, এমনকি জাপানও অর্জন করতে পারেনি। যদিও দেশগুলোর জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাস অনেক দীর্ঘ।
গ্রুপটি এখন জাহাজ নির্মাণ পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে বড় আকারের আন্তর্জাতিক নৌযান ও সাবমেরিন প্রকল্পের দিকে নজর দিচ্ছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পরিবেশবান্ধব জাহাজ প্রযুক্তিতে সক্ষমতা বাড়াচ্ছে। চুং কি-সুন বলেন, ‘উদ্ভাবনের এ যৌথ ঐতিহ্যের ওপর ভিত্তি করে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাব।’