জাপানের নির্মাণশিল্পে তীব্র শ্রমিক সংকট মোকাবেলা এবং বাংলাদেশী তরুণদের জন্য আরো ভালো ক্যারিয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে জাপান-বাংলাদেশ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে চলতি বছরের নভেম্বর মাসে। হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান), হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) যৌথভাবে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় যৌথ এ প্রকল্পে নেতৃত্ব দেবেন হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা।
জাপান থেকে আগত অভিজ্ঞ ও বিশেষায়িত প্রশিক্ষক ও জাপানি ভাষা শিক্ষকের তত্ত্বাবধানেএ কর্মসূচি পরিচালিত হবে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে জাপান থেকে সরাসরি আমদানি করা নির্মাণ উপকরণ ব্যবহার করা হবে। এতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা সরাসরি জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন, যা তাদের একটি নিশ্চিত ক্যারিয়ার পথ তৈরি করে দেবে।
এ উদ্যোগ সম্পর্কে হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জাপানের নির্মাণশিল্পে শ্রমিক সংকট সমাধানের পাশাপাশি বাংলাদেশী তরুণদের জন্য ভবিষ্যৎ গড়ার নতুন পথ উন্মোচন করা। এ প্রকল্পটি উভয় দেশের জন্য একটি বিশাল সুযোগ।’
হার্টফুল লিমিটেডের (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বলেন, ‘আমরা বৈধ ও নৈতিক অভিবাসনের পথকে উৎসাহিত করতে বদ্ধ পরিকর। হার্টফুল ভিসা প্রসেস থেকে শুরু করে জাপানে স্থায়ী হওয়া, পরিবার পুনর্মিলন এবং দৈনন্দিন জীবনের সহায়তাসহ সর্বাঙ্গীন সহায়তা প্রদান করবে।’-