টিএসএমসির রেকর্ড আয়

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে চিপের চাহিদাও এখন আকাশচুম্বী।

এ সুযোগে রেকর্ড পরিমাণ আয় করেছে বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল-জুনে টিএসএমসির মোট আয় হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি তাইওয়ানিজ ডলার বা প্রায় ৩ হাজার ৯৬২ কোটি ডলার। কোম্পানির ইতিহাসে এটি একক প্রান্তিকে সর্বোচ্চ আয়ের রেকর্ড। ২০ জন বিশ্লেষকের পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি এলএসইজি স্মার্টএস্টিমেটের তুলনায়ও টিএসএমসির আয় কিছুটা বেশি।

টিএসএমসি গত এপ্রিলের এক সভায় দ্বিতীয় প্রান্তিকের আয় ৩ হাজার ৯০০ কোটি থেকে ৪ হাজার ২০ কোটি ডলারের মধ্যে হতে পারে বলে পূর্বাভাস দেয়। কোম্পানিটি সাধারণত আয়ের পূর্বাভাস তাইওয়ানিজ ডলারের পরিবর্তে মার্কিন ডলারে প্রকাশ করে।

কেবল জুনেই টিএসএমসির আয় আগের বছরের জুনের তুলনায় ৬৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। মে মাসের তুলনায় জুনে আয় বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। গত মাসে কোম্পানিটির মোট আয় হয়েছে ৪৪ হাজার ২৬৮ কোটি তাইওয়ানিজ ডলার।

টিএসএমসি বর্তমানে এশিয়ার অন্যতম মূল্যবান প্রতিষ্ঠান। কোম্পানিটির বাজার মূলধন এখন ১ লাখ ৯৫ হাজার ৫০০ কোটি ডলার।

কোম্পানিটি আগামী বৃহস্পতিবার দ্বিতীয় প্রান্তিকের চূড়ান্ত নিট মুনাফার হিসাব প্রকাশ করবে। একই সঙ্গে চলতি প্রান্তিক ও বছরের বাকি সময়ের ব্যবসায়িক পরিকল্পনা ও পূর্বাভাসও জানানো হবে।

বাজার বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় প্রান্তিকে টিএসএমসির নিট মুনাফা আগের বছরের তুলনায় ৫৮ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে।

বিক্রির তথ্য প্রকাশের আগেই সোমবার তাইপেই শেয়ারবাজারে টিএসএমসির শেয়ারদর ১ শতাংশ বেড়েছে। চলতি বছরে এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। টিএসএমসি মূলত বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও অ্যাপলের মতো বড় বড় কোম্পানির চিপ সরবরাহ করে।

আরও