পূর্বাভাসের তুলনায় ভারতে পাম অয়েল আমদানি কমেছে

ভারতে টানা চতুর্থ মাসের মতো পাম অয়েল আমদানি স্বাভাবিকের তুলনায় কমেছে।

ভারতে টানা চতুর্থ মাসের মতো পাম অয়েল আমদানি স্বাভাবিকের তুলনায় কমেছে। পাম অয়েলের তুলনায় সয়াবিন তেলের চাহিদা বেশি থাকায় আমদানি কমেছে বলে জানিয়েছেন পাঁচজন ব্যবসায়ী। খবর দি ইকোনমিক টাইমস।

ডিলাররা এর আগে জানিয়েছিলেন, মার্চে ভারতের পাম অয়েল আমদানির পরিমাণ হতে পারে পাঁচ লাখ টনের বেশি। তবে এ সময় মোট আমদানির পরিমাণ নেমেছে ৪ লাখ ২৩ হাজার টনে। যদিও এটি আগের মাসের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি।

বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। খাতসংশ্লিষ্টরা জানান, স্বাভাবিকের তুলনায় দেশটির কম আমদানি মালয়েশিয়ার পাম অয়েলের দামে চাপ তৈরি করতে পারে। তবে এ সময় ঊর্ধ্বমুখী হতে পারে যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলের বাজার।

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে ২০২৩-২৪ বিপণন বর্ষ শেষ হয়েছে গত অক্টোবরে। এ সময় দেশটি প্রতি মাসে গড়ে ৭ লাখ ৫০ হাজার টনের বেশি পাম অয়েল আমদানি করেছে।

জিজিএন রিসার্চের ম্যানেজিং পার্টনার ও ভোজ্যতেল ব্যবসায়ী রাজেশ প্যাটেল বলেন, ‘কয়েক মাস ধরে পাম অয়েলের দাম সয়াবিন তেলের তুলনায় বেশি। এ কারণে চাহিদা কমেছে।’

গত মাসে ভারতে সয়াবিন তেল আমদানি ২৪ শতাংশ বেড়ে ৩ লাখ ৫২ হাজার টনে পৌঁছেছে। এ সময় সূর্যমুখী তেল আমদানি কমেছে ১৫ দশমিক ৫ শতাংশ। মোট আমদানির পরিমাণ নেমেছে ১ লাখ ৯৩ হাজার টনে, যা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

আরও