২০২৫ অর্থবছর

যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি কমেছে ২ শতাংশ

২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি আগের অর্থবছরের তুলনায় ৪ হাজার ১০০ কোটি ডলার কমে হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০০ কোটি ডলার।

২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি আগের অর্থবছরের তুলনায় ৪ হাজার ১০০ কোটি ডলার কমে হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০০ কোটি ডলার। একই সঙ্গে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি থেকে অতিরিক্ত ১১ হাজার ৮০০ কোটি ডলার রাজস্ব আয় হয়েছে যুক্তরাষ্ট্রের। খবর রয়টার্স।

৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের এ হিসাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রায় নয় মাস অন্তর্ভুক্ত। এর আগে ২০২৪ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল ১ লাখ ৮১ হাজার ৭০০ কোটি ডলার। ২০২২ সালের পর এবারই প্রথম বার্ষিক বাজেট ঘাটতি হ্রাস পেল যুক্তরাষ্ট্রে। ওই বছর কভিড ত্রাণ কর্মসূচির সমাপ্তি টানা হলে সরকারি ব্যয় কমে যায়।

বাজেট ঘাটতি কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেকর্ড ১৯ হাজার ৫০০ কোটি ডলার নিট শুল্ক রাজস্ব, যা ট্রাম্পের শুল্কনীতির কারণে আগের বছরের ১১ হাজার ৮০০ কোটি ডলারের তুলনায় বেড়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে শুল্ক রাজস্ব রেকর্ড ২ হাজার ৯৭০ কোটি ডলারে পৌঁছায়।

২০২৫ অর্থবছরে সরকারি আয়েও রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র, ৫ লাখ ২৩ হাজার ৫০০ কোটি। আয়ের এ আকার গত অর্থবছরের ৪ লাখ ৯১ হাজার ৮০০ কোটি ডলারের তুলনায় ৩১ হাজার ৭০০ কোটি ডলার বা ৬ শতাংশ বেশি।

অন্যদিকে সরকারি ব্যয়েও রেকর্ড হয়েছে। এ সময় ব্যয় হয়েছে ৭ লাখ ১ হাজার কোটি ডলার। এটি আগের অর্থবছরের ৬ লাখ ৭৩ হাজার ৫০০ কোটি ডলারের তুলনায় ২৭ হাজার ৫০০ কোটি ডলার বা ৪ শতাংশ বেশি।

২০২৫ অর্থবছরের শেষ মাস সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্রে রেকর্ড ১৯ হাজার ৮০০ কোটি ডলার বাজেট উদ্বৃত্ত ছিল, যা আগের বছরের একই মাসের তুলনায় ১১ হাজার ৮০০ কোটি ডলার বা ১৪৭ শতাংশ বেশি। সাধারণত কোম্পানি ও ব্যক্তিদের ত্রৈমাসিক কর পরিশোধের সময়সীমা হওয়ায় সেপ্টেম্বরে বাজেট উদ্বৃত্ত দেখা যায়।

গত মাসে যুক্তরাষ্ট্রে সরকারি রাজস্ব বেড়ে দাঁড়ায় ৫৪ হাজার ৪০০ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৭০০ কোটি ডলার বা ৩ শতাংশ বেশি। একই সময়ে ব্যয় কমে দাঁড়ায় ৩৪ হাজার ৬০০ কোটি ডলারে, যা বার্ষিক হারে ১০ হাজার ১০০ কোটি ডলার বা ২৩ শতাংশ হ্রাস।

মাসিক উদ্বৃত্তের পেছনে বড় ভূমিকা রেখেছে শিক্ষা বিভাগের বাজেটে ১৩ হাজার ১০০ কোটি ডলারের কাটছাঁট। জুলাইয়ে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস কর্তৃক পাস হওয়া ব্যয় ও কর কমানো বিলের অংশ এটি।

আরও