অস্ট্রেলিয়ার প্রধান শস্য উৎপাদন অঞ্চলে গত মাসে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় দেশটির গম উৎপাদনের পূর্বাভাস বাড়ানো হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এ বছর দেশটিতে প্রায় ৩ কোটি ৩০ লাখ টন গম উৎপাদন হতে পারে। খবর হেলেনিক শিপিং নিউজ।
অস্ট্রেলিয়ার কৃষি মন্ত্রণালয় জুনের শুরুর দিকে গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল ৩ কোটি ৬ লাখ টন। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে আর্দ্রতা বেড়েছে এবং আবহাওয়া দপ্তর আগামী তিন মাসে গড়ের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ শস্য রফতানিকারক প্রতিষ্ঠান রিওরডান গ্রেইনসের প্রধান পরিচালন কর্মকর্তা মার্ক লুইস জানিয়েছেন, অনুকূল আবহাওয়ায় দেশটির উৎপাদন গত বছরের ৩ কোটি ৪০ লাখ টনের কাছাকাছি বা তারও বেশি হতে পারে।
এদিকে বৈশ্বিক বাজারে পর্যাপ্ত সরবরাহের কারণে শিকাগো এক্সচেঞ্জে গমের দাম ২০২০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার সম্ভাব্য বেশি উৎপাদন বিশ্ববাজারে গমের দামে আরো বেশি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।