ভারত থেকে দুই মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চারটি চালানে ৫১০ টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানি করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে গতকাল এসব চাল খালাস করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ১৪টি ট্রাকে আসা চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চাল আমদানিকারক প্রতিষ্ঠানের নাম হাজী মুসা করিম অ্যান্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ। এবার দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুযোগ দিয়েছে সরকার।
বন্দর সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ টন। গত ১৮ জানুয়ারি পুনরায় ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। যার সময়সীমা বেঁধে দেয়া হয় ৩ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে আমদানীকৃত চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।