সুদহার ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বাড়িয়েছে ব্যাংক অব জাপান (বিওজে)। মূলত গত বছর ভোক্তা মূল্যস্ফীতি দ্রুত বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাপানের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাটি। খবর বিবিসি।
এবার স্বল্পমেয়াদি সুদহার দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে জাপান। সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা গেছে, গত মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত জুলাইয়ে বিওজে শেষবার সুদহার বাড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের কারণে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা যায়, যা শেয়ারবাজারে ঝুঁকি তৈরি করেছিল।
অবশ্য এবার বাজারে অভিঘাত এড়াতে আগেই সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা।
সরকারি পরিসংখ্যান অনুসারে, জাপানে আগের বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে ভোক্তা মূল্য ছিল ৩ শতাংশ বেশি।
জুলাইয়ের পর এবার প্রথম সুদহার বাড়াল জাপান। এমন সময় সিদ্ধান্তটি এল যখন ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউজে ফিরে এসেছেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প সব আমদানি পণ্যে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছিলেন, যা জাপানের মতো রফতানিমুখী দেশের ওপর প্রভাব ফেলতে পারে।
সুদহার বাড়ানোর কারণে ভবিষ্যতে অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়োজন হলে ব্যাংকের কাছে সুদহার কমানোর আরো সুযোগ থাকছে। এ পদক্ষেপ সুদহার ধীরে ধীরে ১ শতাংশের দিকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ে যাওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয়। ১ শতাংশ সুদহারকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা হিসেবে ধরা হয়।
গত বছর ২০০৭ সালের পর প্রথমবার সুদহার বাড়িয়েছিল বিওজে।