চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উল্লেখযোগ্য হারে বেড়েছে লাক্সারি কার জায়ান্ট ফেরারির মুনাফা। সম্প্রতি কোম্পানি ঘোষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সঙ্গে সতর্ক করে বলা হচ্ছে, সম্ভাব্য মার্কিন শুল্কের কারণে পুরো বছরের আয় প্রভাবিত হতে পারে। খবর আনাদোলু।
ইতালীয় প্রতিষ্ঠানটি মার্চে শেষ হওয়া প্রান্তিকে ৪১ কোটি ২০ লাখ ইউরো বা ৪৬ কোটি ৬৩ লাখ ডলার নিট মুনাফা করেছে। মুনাফার এ অংক গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১৭ শতাংশ বেশি।
আর্থিক প্রতিবেদনে ফেরারি সতর্ক করে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে গাড়ি আমদানির ওপর শুল্কের প্রতিক্রিয়ায় পুরো বছরে প্রফিট মার্জিন কমতে পারে ৫০ বেসিস পয়েন্ট।
ফেরারির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা হবে ৮ দশমিক ৬ ইউরো, নিট বিক্রি হবে ৭০০ কোটি ইউরোর বেশি এবং সুদ, কর, অবচয় ও অন্যান্য খরচ পরবর্তী (ইবিআইটিডিএ) আয় দাঁড়াবে অন্তত ২৬৮ কোটি ইউরো।
এক বিবৃতিতে ফেরারির সিইও বেনেদেত্তো ভিনিয়া বলেন, ‘আরেকটি বছর দুর্দান্তভাবে শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘২০২৫ সালের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কিছুটা অতিরিক্ত গাড়ি সরবরাহ সত্ত্বেও সব প্রধান মাপকাঠিতে দ্বিগুণ অংকের প্রবৃদ্ধি হয়েছে। মূলত পণ্য বৈচিত্র্যায়ণ এবং ক্রমবর্ধমান কাস্টমাইজেশন চাহিদার কারণে এ মুনাফা নিশ্চিত হয়েছে।’
মার্কিন শুল্কনীতির কারণে অন্যান্য খাতের মতো ভুগছে বিলাসবহুল গাড়ি নির্মাতারাও। মার্চের শেষ দিকে ফেরারি জানিয়েছিল, শুল্কের প্রতিক্রিয়ায় কিছু মডেলের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।