প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঋণমান ‘‌ডাবল এ প্লাস’

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৩ কোটি ১০ লাখ টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩৬ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে ৯৬ কোটি ২৪ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে মোট ১৭ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮। এর ৪০ দশমিক ৬২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৯৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৬৪ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৭৫ টাকা ১০ থেকে ২৮৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও