ভারত থেকে আলু আমদানি বর্তমানে বন্ধ রয়েছে। তবে বাজারে দেশী নতুন আলুর সরবরাহ বেড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পণ্যটির দাম কমেছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
হিলির প্রতিটি দোকানেই দেশী নতুন রোমানা ও ক্যারেজ জাতের আলুর প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। পুরনো গুটি ও কাটিনাল জাতের আলুর দামও একই হওয়ায় নতুন আলু বেশি কিনছেন ক্রেতারা।
হিলিতে নতুন জাতের রোমানা ও ক্যারেজ আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। এ সময় পুরনো গুটি ও কাটিনাল জাতের আলুর দাম ছিল কেজিপ্রতি ৫৫ টাকা। এক সপ্তাহ আগেও নতুন ও পুরনো জাতের আলু ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
হিলি বাজারের আলু বিক্রেতা মশিউর রহমান বলেন, ‘১ ডিসেম্বর থেকে ভারত থেকে আলু আমদানি বন্ধ আছে। ফলে এর পরই দাম কিছুটা বেড়ে গিয়েছিল। বর্তমানে হিলিসহ আশপাশের বিভিন্ন এলাকায় আগাম জাতের নতুন আলু উঠতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।’
তিনি জানান, এবারের মৌসুমে আলুর বীজসহ অন্যান্য উপকরণের দাম বেশি ছিল। ফলে আলু আবাদে খরচ বেশি হয়েছে কৃষকদের। এ কারণে সামনের দিনগুলোয় পণ্যটির দাম উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা কম।