সেমিনারে বাণিজ্য উপদেষ্টা

রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যে কোনো উদ্যোগ বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যে কোনো উদ্যোগ বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য দরকার সমন্বিত উদ্যোগ। দেশে গত ১৬ বছরে বহু প্রতারণামূলক প্রক্রিয়ায় অপ্রয়োজনীয়, কম গুরুত্বপূর্ণ প্রকল্পে সামর্থ্যের বাইরে ঋণ করে বিনিয়োগ করা হয়েছে।

রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ আয়োজনে ‘কনডাক্টিভ অটোমোবাইল পলিসি ফর গ্রিন গ্রোথ অ্যান্ড কম্পিটিটিভ ইকোনমি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাড়ি আমদানিকারক ও বিক্রেতাদের সংগঠন বারভিডার সভাপতি মো. আব্দুল হক। এছাড়া আরো বক্তব্য দেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার উল আলম চৌধুরী, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ড. মাশরুর রিয়াজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাসেম।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বিগত ১৬ বছরে উন্নয়ন করতে গিয়ে আমরা যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি, তা এখন পরিশোধ করতে হচ্ছে। দীর্ঘমেয়াদে তো এটা চলনশীল নয়, আবার টেকসইও নয়। এখান থেকে উত্তরণ ঘটাতে হবে।’ এজন্য সমন্বিত অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের ব্যয়গুলোকে এমনভাবে করতে হবে যাতে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়। দেশের জনমিতিক সুবিধার সুফল পেতে হলে বিশেষ করে সারা দেশে সব ধরনের পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।’ জনমিতিক সুবিধা নেয়ার জন্য তিনি দেশে অটোমোবাইল শিল্পে ব্যাপক প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

আরও