যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত হওয়া বাণিজ্য আলোচনা ফের শুরু করতে চান বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গতকাল তিনি বলেন, উপযুক্ত সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনা শুরু হবে। তবে আলোচনা এখনই হতে হবে এমনভাবে দেখছে না কানাডা। খবর রয়টার্স।
অন্টারিও প্রদেশ থেকে গত মাসে মার্কিন শুল্কবিরোধী একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। বিষয়টি পছন্দ হয়নি ডোনাল্ড ট্রাম্পের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কানাডার সঙ্গে ওই সময় চলমান আলোচনা স্থগিত করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্র-কানাডার বাণিজ্য আলোচনা নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি সাংবাদিকদের বলেন, ‘কানাডার ভবিষ্যৎ ও নতুন অংশীদারত্ব নিয়ে আমরা খুবই ব্যস্ত। সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হবে। আমরা উপযুক্ত সময় এলে পুনরায় কথা বলব।’
তিনি আবারো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে কানাডা।
মার্ক কার্নি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা এমন কোনো বিষয় নয় যা এখনই হতে হবে। বাণিজ্য-সংক্রান্ত আলোচনা যুক্তরাষ্ট্র আবার যখন শুরু করতে চাইবে, তখন আমরা আলোচনা করব।’
যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম কানাডা। বছরের শুরুর দিকে এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেন কানাডা ও মেক্সিকো থেকে আমদানীকৃত বেশির ভাগ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। এরপর কয়েক দফায় দুই দেশ শুল্ক বৃদ্ধি ও স্থগিত করে। বর্তমানে কানাডা থেকে আমদানীকৃত ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের ওপর ট্রাম্প আরোপিত উচ্চ শুল্ক প্রযোজ্য হচ্ছে।