অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক

ইউরোজোনের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধি

ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বত) প্রত্যাশার চেয়ে কিছুটা কমেছে।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে এ অঞ্চলে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ২ শতাংশ, যেখানে প্রাক্কলিত হিসাব ছিল দশমিক ৩ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, আগের প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৩ শতাংশ। খবর আনাদোলু।

ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী, পুরো ইইউজুড়েও একই চিত্র দেখা গেছে, যেখানে চতুর্থ প্রান্তিকে জিডিপি বেড়েছে দশমিক ২ শতাংশ। তবে ২০২৫ সালে সামগ্রিকভাবে ইউরো অঞ্চলের অর্থনীতি ২০২৪ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ এবং পুরো ইইউ অঞ্চলে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

ইউরোজোনের রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মাল্টা, ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে দেশটির জিডিপি বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। এছাড়া লিথুয়ানিয়া ১ দশমিক ৭ ও ক্রোয়েশিয়া ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বিপরীতে আয়ারল্যান্ডের অর্থনীতিতে বড় ধরনের সংকোচন দেখা গেছে। এখানে জিডিপি কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। রোমানিয়ার অর্থনীতিও ১ দশমিক ৯ শতাংশ সংকুচিত হয়েছে।

উল্লেখ্য, ইউরোজোন বলতে ইইউর সেই ২১টি সদস্যরাষ্ট্রকে বোঝায়, যারা সরকারি মুদ্রা হিসেবে ‘ইউরো’ ব্যবহার করে।

আরও