বিশ্ববাজারে তামার দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। সরবরাহ সংকটের ইঙ্গিত ও ডলারের বিনিময় হার কমে যাওয়া দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহের চুক্তিতে তামার দাম দশমিক ২৪ শতাংশ বেড়ে টনপ্রতি ৯ হাজার ৯২৬ ডলারে পৌঁছেছে। একই সময় সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) ধাতব পণ্যটির দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৭৯ হাজার ৭৪০ ইউয়ানে (১১ হাজার ১৪৭ ডলার ৯৩ সেন্ট), যা আগের দিনের মূল্যের তুলনায় দশমিক ৬৬ শতাংশ বেশি।
এএনজেড ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিদেশ থেকে তামা এনে স্থানীয় বাজারে বিক্রি করলে বেশি লাভ হচ্ছে। ফলে বিভিন্ন দেশে আমদানিকারকদের মধ্যে চাহিদা বেড়েছে পণ্যটির। এছাড়া স্পট মার্কেটে মূল্য সংযোজন (প্রিমিয়াম) বাড়তে শুরু করায় সরবরাহ সংকটের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। অন্যদিকে পরিশোধিত তামা উৎপাদন কমে যাওয়ার ইঙ্গিতও ধাতব পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।
এদিকে চীনের উৎপাদন খাত টানা পঞ্চম মাসের মতো সংকুচিত হয়েছে। রফতানি কমা, নির্মাণ খাতের মন্দা ও চাকরির অনিশ্চয়তা এ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। জুলাইয়ে দেশটির শিল্পপ্রতিষ্ঠানের মুনাফাও টানা তৃতীয় মাসের মতো কমেছে।