স্বর্ণের দাম কিছুটা কমে আসায় ভারতের খুচরা বাজারে চাহিদা কিছুটা বেড়েছে। যদিও এশিয়ার অন্য শীর্ষ দেশগুলোয় মূল্যবান ধাতুটির লেনদেন এখনো মন্থর। খবর রয়টার্স।
ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণ কেনাবেচা হচ্ছে ৯৯ হাজার ৮৩৮ রুপিতে (১ হাজার ১৩৯ ডলার ৬১ সেন্ট)। এটি গত সপ্তাহের রেকর্ড ১ লাখ ২ হাজার ২৫০ রুপির তুলনায় কম।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম কিছুটা কমায় ভোক্তাদের মধ্যে ক্রয়ের আগ্রহ বেড়েছে। যদিও বেশির ভাগ ক্রেতা এখনো আরো দরপতনের অপেক্ষায় আছেন।
মুম্বাইভিত্তিক এক গহনা ব্যবসায়ী জানান, গত কয়েক মাস দাম প্রায় ১ লাখ রুপির কাছাকাছি স্থির থাকায় অনেকেই আবার স্বর্ণ ক্রয় শুরু করেছেন। চলতি সপ্তাহে ভারতীয় ডিলাররা সরকার নির্ধারিত দামের তুলনায় প্রতি আউন্সে সর্বোচ্চ ৬ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল আউন্সপ্রতি সর্বোচ্চ ৯ ডলার। উল্লেখ্য, এতে ৬ শতাংশ আমদানি ও ৩ শতাংশ বিক্রয় শুল্ক অন্তর্ভুক্ত আছে। এছাড়া ভারতে চলতি সপ্তাহে আউন্সপ্রতি ২ ডলার মূল্য সংযোজন করেও স্বর্ণ বেচাকেনা করেছেন ব্যবসায়ীরা।
বিশ্বে স্বর্ণের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। দেশটির ব্যবসায়ীরা চলতি সপ্তাহে বৈশ্বিক বাজারদরের তুলনায় প্রতি আউন্স স্বর্ণে ৭ ডলার ছাড় থেকে ৬ ডলার প্রিমিয়ামে বেচাকেনা করেছেন। এমকেএস প্যাম্পের চীন অঞ্চলের পরিচালক বার্নার্ড সিন বলেন, ‘এশিয়ায় স্বর্ণের চাহিদা মিশ্র। দাম বেশি থাকায় গহনা খাতে মূল্যবান ধাতুটির চাহিদা এখনো নিম্নমুখী। নতুন আমদানি কোটার ঘোষণা না হওয়ায় চীনা ব্যবসায়ীদের কাছে প্রকৃত চাহিদা সীমিত।’